
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দু’টি মর্টার শেলের মধ্যে একটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট। গত রোববার রাতে রামু সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের ১০ জন সদস্য তুমব্রু উত্তরপাড়ার সীমান্ত এলাকায় গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে একটি সেল নিষ্ক্রিয় করে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল রাতে আরো একটি সেল নিষ্ক্রিয় করার কথা।
রোববার বেলা আড়াইটার দিকে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দু’টি অবিস্ফোরিত মর্টার শেল তুমব্রু সীমান্তের উত্তরপাড়ায় এসে পড়লে সেখানে লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার কারণে সেখান থেকে অনেক লোককে সরিয়ে নেয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। খবর পেয়ে রোববার গভীর রাতে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি শেল নিষ্ক্রিয় করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি সেল নিষ্ক্রিয় করেন।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে যাতে লোকজন যাতায়াত না করে এ বিষয়ে পুলিশ সবাইকে সতর্ক করছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত বেশ কিছুদিন থেকে মিয়ানমার সীমান্তে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।
রোববার সংঘর্ষ চলাকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে দু’টি শেল এসে পড়ে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার পর বান্দরবান সীমান্তে লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পাঠকের মতামত