
ডেস্ক রিপোর্ট::
ঘূর্ণিঝড় ফণি আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ফণির বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আরো জানানো হয়, প্রধানমন্ত্রী সরকারের সব সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলোকে সুসমন্বিতভাবে ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় কাজ করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সারাদেশে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলারও সব প্রস্তুতি সরকারের রয়েছে।
সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেনা, নৌ ও বিমানবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীরও দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ফণির সম্ভাব্য আঘাতের পরিপ্রেক্ষিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এরইমধ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং স্কুল-কলেজে নিয়ে আসা হয়েছে।
এদিকে রোববার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান উপকূলবর্তী ১৯টি জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার ও শনিবার খোলা রাখা হয়েছে। উপকূলীয় এলাকার সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

পাঠকের মতামত