ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ৯:২৫ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী-পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য সীমান্ত অতিক্রম করে বর্তমানে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে সাতটার দিকে মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালচক্রের সহযোগিতায় পরিবারটি শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আত্মীয়ের শেল্টারে আশ্রয় নেয়।

আগতদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় বিষয়টি আরও উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে—ছমুদা (১৮), সাবেকুন্নাহার (১৫), মো. সলিম (১৩), জবিউল্লাহ (১২), মো. আনোস (১১), জিয়াবুর রহমান (১০), শায়েকা (৮), উম্মে হাবিবা (৭), মো. ইসমাইল (৬) ও রেহেনা (৫)। তাদের পিতা মো. হারুন।

এদিকে, আশ্রয়দাতা হিসেবে ক্যাম্প-১৫-এর বাসিন্দা মো. আয়ুবকে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকায় দালালচক্রের সক্রিয়তার কারণে নতুন করে অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে। এতে একদিকে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে মানবিক ও সামাজিক চাপও বাড়ছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো তথ্য তার জানা নেই; খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা একটি পরিবার বর্তমানে জামতলী ক্যাম্পে আত্মীয়ের কাছে আশ্রয় নিয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় নতুন করে অনুপ্রবেশের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer