প্রকাশিত: ১৩/০২/২০২২ ১০:২২ এএম

কক্সবাজারের উখিয়ায় পুলিশের পরিচয়পত্র ব্যবহার করে ছিনতাই করতেন বাহিনীর পলাতক সদস্য নিরঞ্জন দাস (২৪)। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ছিনতাইকালে তিনি জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি, ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও পুলিশের একটি পরিচয়পত্র।

আটক নিরঞ্জন দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি থানার রতীশদাশের ছেলে। তার পরিচয়পত্র নং-(বিপি-৯৮১৭১৯৮৩২৪)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিমপাড়া সড়কে সিএনজির মাধ্যমে কৌশলে ১৪ নং ক্যাম্পের বাসিন্দা এক রোহিঙ্গার মোবাইল ছিনতাইয়ের সময় নিরঞ্জনকে হাতেনাতে আটক করে স্থানীয় কিছু যুবক। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় এক যুবক জানান, সিএনজিতে যাত্রী হিসেবে ওঠানোর নাম করে এক রোহিঙ্গার মোবাইল ছিনিয়ে নেন নিরঞ্জন। পরে চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে আটক করি। সে আমাদের আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয় দেয়।

স্থানীয়দের দাবি, পুলিশ পরিচয়ে এর আগেও একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওই এলাকায়।

পালংখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ রফিক বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই পুলিশ পরিচয়ে পালংখালীর বিভিন্ন এলাকায় একটি চক্র ছিনতাই করে আসছে। কিছুদিন আগেও আমার এলাকার স্থানীয় একজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চক্রটি।’

আটক হওয়া নিরঞ্জন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ১৪ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত থাকাকালীন গত বছরের ১০ সেপ্টেম্বর কর্মস্থল থেকে বিনানুমতিতে লাপাত্তা হয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘নিরঞ্জন গত পাঁচ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। বিনা অনুমতিতে দীর্ঘদিন পলাতক থাকায় এখন পর্যন্ত তিনবার তার স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো হয়।’

পলাতক থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (যার নং-০৭/২১) তদন্তাধীন উল্লেখ করে আটক হওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ১৪ এপিবিএনের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...