উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১২:০৯ পিএম , আপডেট: ০৭/০২/২০২৬ ১২:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) আর নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী ঢাকা পোস্টকে বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান।

তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুই দিন পর ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সেসময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ বেড়েছে, মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে।

একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, ওপারের গোলাগুলির প্রভাব পড়ছে এপারের বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে।

টেকনাফের বিভিন্ন এলাকায় গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে এছাড়া ছোঁড়া গুলি এসে পড়ছে লোকজনের বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতে। হুজাইফার মৃত্যুতে সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৃথক বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী গভীর শোক ও হুজাইফার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

পাঠকের মতামত

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...