
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক।
কমিটিতে পুরাতনদের বাদ দিয়ে মাদক মামলার আসামী খেলোয়াড় নয় এমন ব্যক্তি ও নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ করছেন উখিয়ার ক্রীড়া সংশ্লিষ্ট সহ স্থানীয়রা।
সোমবার (১৪ মার্চ) দুপুরে কমিটি থেকে নিজের নাম বাদ পড়ায় ক্ষোভ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সাবেক ফুটবলার ও উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ।
স্ট্যাটাসে মুজিব টাকার বিনিময়ে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে উখিয়াবাসীর কাছে বিচার দাবি করেন।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে মুজিবুল হক আজাদ বলেন, ” আমি ক্রীড়া সংস্থায় ছিলাম অথচ আমাকে না জানিয়ে কার্যকরি সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রীড়ায় জড়িত নয় এমন ব্যক্তিদের। একটি সিন্ডিকেট এই কাজটি করেছে।”
উখিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক ওবাইদুল হক চৌধুরী তার ফেসবুক একাউন্টে লিখেন, “খেলাধুলার অভিজ্ঞতা নয়, অর্থ থাকলে মাদক মামলার আসামীও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থায় সদস্য হতে পারে!”।
“আমিও খেলোয়াড় ছিলাম!” উল্লেখ করে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেন আরেক স্থানীয় সাংবাদিক উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ।
অন্যদিকে, যুবলীগের সভাপতি বাদ পড়ায় উপজেলা যুবলীগের নেতাকর্মীদেরও আন্দোলনের হুশিয়ারি দিতে দেখা গেছে ফেসবুকে।
উপজেলা যুবলীগের সদস্য মিশকাত শরীফ তাঁর
ফেসবুক ওয়ালে লিখেন, ” আমরা এই অনিয়মের প্রতিবাদ করতে বাধ্য হবো।”
উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন জানান, ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে পুরাতন কিছু সদস্য বাদ দিয়ে সম্প্রতি ৫ জন নতুন সদস্য কো-অপ্ট করা হয়েছে। মুজিবুল হক আজাদের বাদ পড়ার বিষয়টি স্বীকার করলেও কি কারণে তিনি বাদ পড়েছেন বলে জানেন না উল্লেখ করেন।
জানা গেছে, অই কমিটিতে নতুন জায়গা পেয়েছেন
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান কামরুন নাহার বেবি, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, একই ইউনিয়নের ক্রীড়া ব্যক্তিত্ব শাহাজাহান শাহীন, রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন ও ফুটবলার সাইফ মুন্না।
বিতর্কের মধ্যে নতুন অন্তর্ভুক্তদের অভিনন্দন জানিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।
এপ্রসঙ্গে পদাধিকার বলে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নবাগত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, ” আমি সবে মাত্র কর্মস্থলে যোগদান করেছি, এবিষয়ে আমি অবগত নই তবে খতিয়ে দেখবো।”

পাঠকের মতামত