
কক্সবাজারের চকরিয়ায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় তানহা মনি (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় করাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা মনি চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়াঘোনা এলাকার বাসিন্দা। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে। তানহা মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তানহাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হারবাং এলাকার বালু ব্যবসায়ী নাজিম উদ্দীনের। তারা ট্রাকটি শনাক্ত করে এর মালিক ও চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত