
কক্সবাজার সদর খাদ্যগুদামে বিশ^খাদ্য সংস্থার চালের বস্তায় কারচুপির পায়তারার ঘটনা ঘটেছে। এঘটনায় সদর খাদ্যগুদামের ৫নং গুদাম সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনায় জড়িত দুই শ্রমিককে আটক করা হয়েছে।
জানা গেছে, সপ্তাহখানেক আগে কক্সবাজার সদর খাদ্যগুদামে প্রায় ২৫০ মেট্রিক টন চাল গুদামজাত করে বিশ^খাদ্য সংস্থা। চালগুলো রাখা হয় ৫নং গুদামে। কয়েকদিন পর সেগুলো রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার কথা। এরইমধ্যে রোববার বিশ^খাদ্য সংস্থার চালের বস্তা থেকে হুক দিয়ে চাল সরিয়ে ফেলে খাদ্য গুদামের একটি চক্র। দুপুর ১২ টার দিকে চালের বস্তায় কারসাজির খবর পেয়ে উপস্থিত হয় গোয়েন্দা সংস্থার লোকজন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে খাদ্যগুদামে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীয়ার মুক্তার। অভিযান টের পেয়ে কারসাজিতে জড়িত কর্মকর্তা ও শ্রমিকরা পালিয়ে যায়। এসময় পুলিশ দুইজন শ্রমিককে আটক করতে সক্ষম হয়।
এদিকে বস্তা থেকে চাল সরানোর প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ৫নং গুদামটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীয়ার মুক্তার।
তিনি জানান, গুদামের ভেতর বস্তা থেকে কারসাজির মাধ্যমে চাল বের করে নেয়ার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গুদাম সিলগালা করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্যগুদামে অভিযান চলাকালীন উপস্থিত হয় জেলা খাদ্য নিয়ন্ত্রক দেবদাস চাকমা। তিনি বলেন, এটি বিস্ময়কর একটি ঘটনা। এধরণের কারচুপি অতীতে আমার চোখে পড়েনি। এঘটনার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
চাল কারচুপির ঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন ও উপখাদ্য পরিদর্শক কামরুল জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

পাঠকের মতামত