
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১৪-তে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ক্যাম্পের সি/০২ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ ওবায়দুল হক লালু (৩০)। তিনি পালংখালী ইউনিয়নের ছোরাখোলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে লালুর সঙ্গে রোহিঙ্গা আরএসও-এর জিম্মাদার মোঃ ইউনুসের (২৮) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ইউনুস গুলি করলে লালুর পায়ে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহত লালুকে ক্যাম্প-১৪-এর এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার্ড করেন।
অভিযুক্ত মোঃ ইউনুস (২৮) ক্যাম্প-১৪-এর সি/১১ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম কালু মিয়া এবং এফসিএন নম্বর ২২১৩৭৪।
এদিকে, ঘটনার পর স্থানীয় বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, আহত ওবায়দুল হক লালু অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাজনিমার খোলার আবুল হোসেন ভুলুর পুত্র। তিনি রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রতিবেদন লিখার আগ পর্যন্ত ৮ এপিবিএন সূত্র থেকে আহতের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায় নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি রয়েছে বলে প্রাথমিকভাব জানা গেছে।


পাঠকের মতামত