আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১/০৩/২০২৬ ২:১৬ পিএম

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নজিরবিহীন ও বিধ্বংসী মোড় নিয়ে শনিবার ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের প্রায় চার দশকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এই আকস্মিক ও বিশাল সামরিক অভিযানের নেপথ্যে ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের নিবিড় ও গোপন লবিং কাজ করেছে বলে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক মাস ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিক ব্যক্তিগতভাবে ফোনকল করে ইরানে হামলার জন্য প্ররোচিত করেছেন। প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপনে যুবরাজ সতর্ক করেছিলেন যে এখনই আঘাত না হানলে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। তবে ইরানি প্রতিশোধের হাত থেকে নিজেদের তেলের খনি ও অবকাঠামো রক্ষা করতে প্রকাশ্যে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর দীর্ঘদিনের লক্ষ্য অর্জনে সফল হয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের সংকট হিসেবে দেখা নেতানিয়াহু এই অভিযানে মার্কিন বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইসরায়েল একা হলেও এই হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, যা শেষ পর্যন্ত ট্রাম্পকে যৌথ অভিযানে উৎসাহিত করে।

হামলার পরপরই এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের উদ্দেশে বলেছেন, ‘কোনো প্রেসিডেন্ট যা করতে রাজি হননি, আমি আজ রাতে তা-ই করছি। এখন আপনারা যা চেয়েছিলেন তা-ই পেয়েছেন, দেখা যাক আপনারা কেমন প্রতিক্রিয়া দেখান।’

মজার বিষয় হলো, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো (ডিআইএ) আগেই জানিয়েছিল, আগামী এক দশকের মধ্যে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বড় কোনো হামলার আশঙ্কা নেই। এ ছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) জানিয়েছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। এই গোয়েন্দা মূল্যায়নকে উপেক্ষা করেই ট্রাম্প এই বিশাল অভিযান পরিচালনা করেন।

অভিযানের পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প ১৯৭৯ সালের দূতাবাস জিম্মি সংকট, ১৯৮৩ সালে বৈরুতে মার্কিন ব্যারাকে হামলা এবং ২০০০ সালে ইউএসএস কোল ধ্বংসের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, এই হামলা কয়েক দশকের সংঘাতের ‘পাওনা শোধ’।

ইরান ইতিমধ্যে সৌদি আরবের ওপর পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। রিয়াদ এই ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন ডেমোক্র্যাট নেতারা এই হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, ‘আমেরিকার ওপর এমন কী তাৎক্ষণিক হুমকি ছিল, যার জন্য আমাদের সৈন্যদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়।’

বর্তমানে ইরানে নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন ট্রাম্প, যেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনীকে ‘ইরানি দেশপ্রেমিকদের’ সঙ্গে মিশে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে স্থলপথে কোনো সৈন্য না পাঠিয়ে শুধু আকাশপথে হামলা চালিয়ে একটি দেশের সরকার পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা।

মধ্যপ্রাচ্যের আকাশে এখনো মার্কিন যুদ্ধবিমানের গর্জন থামেনি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই ‘পিনপয়েন্ট’ বোমাবর্ষণ অব্যাহত থাকবে। ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...