ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১১/২০২৬ ৯:১২ এএম

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এরমধ্যেই মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে (প্রতিরক্ষা কর্মকর্তা) যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধের দায় নিশ্চিত করতে যুক্তরাজ্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকেই আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিলিব্যান্ড আরও জানান, যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে আরও পদক্ষেপের ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারকে পুরোপুরি মেনে চলতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভূমিকা রাখতে হবে।

এরআগে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে শেষ পর্যন্ত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে বলেছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ছিল গণহত্যা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আদালতটি।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দেওয়া এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ, ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করেছে এই সিদ্ধান্ত।

রায়ে কী বলেছে আন্তর্জাতিক আদালত?
১৫ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আদালত মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেছে। রায়ে আদালত বলেছে, রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণিত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই ২০১৬-১৭ সালের সামরিক অভিযান পরিচালিত হয়েছিল।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, হত্যাকাণ্ড, ধর্ষণ ও যৌন সহিংসতা, শিশুদের ওপর হামলা এবং পালিয়ে যাওয়া বেসামরিক মানুষদের হত্যার মতো ঘটনাগুলো বিবেচনায় নিয়েছেন বিচারকরা। পাশাপাশি রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণ এবং জনগোষ্ঠীটির বংশবিস্তারের সক্ষমতা নষ্ট করার উদ্দেশ্যে যৌন সহিংসতা ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আদালত বলেছে, গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে। গণহত্যা সনদের আওতায় প্রয়োজনীয় আইন প্রণয়নেও দেশটি ব্যর্থ হয়েছে। এমনকি গণহত্যার অভিযোগসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের নির্দেশও যথাযথভাবে পালন করেনি মিয়ানমার।

রায়ে গণহত্যার দায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

সূত্র: বিবিসি, রয়টার্স

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিয়েতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। এমন পর্যবেক্ষণ তুলে ...

অর্থায়ন সংকটে রোহিঙ্গা শিশুদের শিক্ষা, সরকারি স্বীকৃতির আহ্বান এইচআরডব্লিউর

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গা শিশুদের শিক্ষাকার্যক্রম দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় সংকটে পড়েছে। এ অবস্থায় ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...