ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৬ ৫:৩১ পিএম

কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে অন্য একটি সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে নিজেরাই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই তরুণ। পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।

রোববার (২২ মার্চ) ভোরে ফেনী জেলার রামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রূপগঞ্জ থেকে তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে ফেনী জেলার রামপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা দেখে তারা মোটরসাইকেল থামিয়ে পরিস্থিতি দেখছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে ইয়ামীন এবং একই এলাকার শিবু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস। নিহত ইয়ামীন স্থানীয় ‘স্টার টেইলার্স’-এর মালিক এবং উজ্জ্বল একটি জুতার কারখানার কর্মচারী ছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ঈদের ছুটিতে এমন মর্মান্তিক ঘটনায় রূপগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer