
পুলিশের চোখ ফাঁকি দিতে ইয়াবা পাচারের জন্য গাড়িতে কখনো স্ত্রী, কখনো সন্তান কিংবা শাশুড়িকে রাখা হয়। কুমিল্লায় এই অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- নোয়াখালীর চাটখিল উপজেলার ইসলামপুরের ইমাম হোসেন আজগর, তার স্ত্রী সোনিয়া আক্তার, লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার শ্রীরামপুরের মাহবুব আলম। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লার এসপি সৈয়দ নুরুল ইসলাম।
তিনি জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাদা রংয়ের একটি নোয়া মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় ওই মাইক্রোবাসে তল্লাশি চালায়। ওই সময় জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসের ভেতরে থাকা তিনজন ইয়াবা পাচারের কথা স্বীকার করে। এরপর তারা মাইক্রোবাসের সিটের নিচে একটি কার্টনে লুকিয়ে রাখা স্কচটেপে আটকানো ২০ হাজার ইয়াবা বের করে দেয়।
এসপি আরো জানান, ইমাম হোসেন ইয়াবা পাচারে এড়াতে গাড়িতে কখনো তার স্ত্রী, কখনো সন্তান ও শাশুড়িকে রাখতেন। এতে তার গাড়ির প্রতি পুলিশের নজর পড়ত না।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিলার এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) আজিম-উল- আহসান, এডিশনাল এসপি (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, এডিশনাল এসপি (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন প্রমুখ।

পাঠকের মতামত