
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসের ঘটনায় স্বামী স্ত্রীর প্রাণহানি ঘটেছে। পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েন তারা। পরে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মৃতদেহ দু’টি উদ্ধার করে। নিহতরা হলেন- স্বামী মো. আনোয়ার সাদেক (৩৫) ও তার স্ত্রী ওয়ারেসা বেগম (৩০)।
শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাটি সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. আব্দুল মতলব।
তিনি বলেন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এ সময় আমার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল গ্রামের রবিউল আলমের ছেলে মো. আনোয়ার সাদেকের বসতবাড়িতে একটি পাহাড় ধসে পড়ে। এতে আনোয়ার সাদেক ও তার স্ত্রী ওয়ারেসা বেগম মাটিতে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় বের করে। মৃতদেহ দুটি তার বাড়িতে রয়েছে।
তিনি আরও বলেন, “চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি পেলে আমরা লাশ দাফনের ব্যবস্থা করব।”
চেয়ারম্যান আব্দুল মতলব আরও জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বমুবিলছড়ি পুরো ইউনিয়ন পানির নিচে। যেসব পাহাড়ি এলাকা রয়েছে সেখানে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। একদিকে পাহাড়ধসের ভয়, অন্যদিকে পাহাড়ি ঢলে পানির ভয়ে আতঙ্কিত ইউনিয়নের সাধারণ মানুষ।

পাঠকের মতামত