
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী নারী নিহত হয়েছে। নিহত গর্ভবতী নারী বিলকিস আকতারের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রোববারের সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জনসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়া প্রেসক্লাব গেইটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা লোকজন সী-লাইন চালক আনাড়ী অপ্রাপ্ত বয়স্ক হেলপার সেজান (১৪) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আজাদ মিয়া বলেন, প্রেসক্লাবের সামনে একটি টমটমে যাত্রী উঠাচ্ছিল। হঠাৎ পেছন থেকে সী-লাইন সার্ভিসের একটি খালি বাস বেপরোয়া গতিতে এসে টমটমটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রেসক্লাবের বাউন্ডারি দেয়ালের সাথে চেপে ধরে। এতে দুমড়েমুচড়ে যাওয়া টমটমের ভিতর থেকে লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় এক নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়।
গুরুতর আহত উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মাহফুজুর রহমান (৪৭), তার স্ত্রী বিলকিস আকতার ও ৬ বছরের একটি শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে নেওয়া হয়। উখিয়া হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিলকিস আকতারের মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার পুলক মন্ডল মৃত্যুর খবরটি নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর মারুফ জানান, সড়কে অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে৷ এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত