
উখিয়া প্রতিনিধি :
উখিয়ার পালংখালী বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। উক্ত সন্ত্রাসীরা এসময় ডাতাকির পরিকল্পনা করছিল বলে জানা যায়।
কক্সবাজার-৩৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটা এলাকার গহীন বনের ভিতরের থাকা একটি টং ঘরে বসে আটক সন্ত্রাসীরা হয়ত কোথাও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শনিবার রাত আটটার দিকে পরিচালিত অভিযানকালে পালংখালী ইউনিয়নের পুটি বুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে মো: রাসেদ (৩০), একই ইউনিয়নের নলবনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: ইমরান (৩০), পশ্চিম পালংখালী গ্রামের আব্দু শুক্কুরের ছেলে মো:আব্দুল্লাহ (২৫) ও কক্সবাজার সদর উপজেলার পিটিআই স্কুল এলাকার মো: আলীর ছেলে আবদুর রহমান (৩১)কে আটক করা হয়।
এ সময় আটক সন্ত্রাসীদের হেফাজতে থাকা ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক, দুইটি কিরিচ, দুই রাউন্ড তাজা কাতুর্জ, ১টি রাম দা ও দুই হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে সোপর্দ করা হয়েছে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন বিজিবি কর্তৃক আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত