
রোহিঙ্গারা নিজ দেশে না ফিরতে নানা ধরনের টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তারা টালবাহানা করলে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হব বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার যদি রোহিঙ্গাদের নিরাপত্তা দেয় তাহলে তাদের ফেরত যাওয়া উচিত।
রোববার (২৮ জুলাই) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে রোহিঙ্গা সংকট: চ্যালেঞ্জ এবং স্থায়ী সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, খুব দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। এর আগে মিয়ানমারের ভূমিকার কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হয়েছে।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কানাডায় এবং প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছেন- এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সম্পর্কে আমি এখনও কিছু জানি না। তবে প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে যা বলেছেন তা সত্য নয়।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সম্পর্কে তিনি বলেন, তার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখভাল করে, তাই সে সম্পর্কে কিছু জানি না।
সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আতিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন, ইউএনএইচসিআর-এর সহকারী স্থায়ী প্রতিনিধি এলিস্টার বুলটন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বেনজির আহমেদ।

পাঠকের মতামত