প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ১২:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার নামে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দুর্যোগ ও ত্রাণ উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গাদের সাহায্যের জন্য চাঁদাবাজির মহোৎসব যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে চাঁদাবাজি বা জোর-জবরদস্তি সহ্য করা হবে না। এটি তো মানবিক ব্যাপার, যারা স্বেচ্ছায় সাহায্য করবে, সেটিই কেবল আমরা গ্রহণ করব।’

রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি তো ত্রাণ দিতে যায় না, তারা যায় কয়েকটা নিউজ আর ছবির জন্য। এরপর দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে।’

বিএনপির ত্রাণের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করে সরকারের এই মন্ত্রী বলেন, ‘কয়েকটা ট্রাক নিয়ে গিয়েছিল। সেখানে আদৌ ত্রাণ ছিল কিনা, অনেক কিছু থাকলেও থাকতে পারে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই।’

শৃঙ্খলা না মানায় বিএনপি বাধার সম্মুখীন হয়েছে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটা রুলস আছে, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে সবাই ত্রাণ দিচ্ছে। প্রধানমন্ত্রীসহ আমি নিজেও সেভাবে দিয়েছি। কিন্তু, বিএনপি নিয়ম মানতে চায় না। তারা ত্রাণের নামে দায়সারা গোছের লোক দেখানো প্রতারণা করতে চেয়েছে।’

প্রশ্ন রেখে কাদের বলেন, ‘নিয়ম মানলে তারা যাওয়ার আগেই ত্রাণ পৌঁছে যেত। এটা মানবিক সাহায্যের বিষয়, এখানে আমরা রাজনীতি করব কেন? লক্ষ লক্ষ মানুষ, এই সংকট আমরা একা মোকাবেলা করব, সেটা তো ভাবিনি। কেন আমরা সেখানে অমানবিক আচরণ করব? কিন্তু বিএনপি সেখানে রাজনীতি নিয়ে গেছে। না হলে নিয়ম মানবে না কেন?’

ত্রাণ বিতরণে কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শৃঙ্খলা না রাখলে সব লুটপাট হয়ে যেত। যারা বিতরণ করতে যেত, তারাও নাজেহাল হতেন। এটা ঢাকায় বসে বোঝা যাবে না। অথচ বিএনপি সেখানে রাজনীতিতে নিয়ে গেছে। সস্তা রাজনীতি সবক্ষেত্রে করা উচিত না।’

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে বলেও আশাপ্রকাশ করেন ওবায়দুল কাদের।

দলের দুর্যোগ ও ত্রাণ উপকমিটি শীতকে সামনে রেখে ২০ হাজার কম্বল রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করবে বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer