
টেকনাফ উপজেলা ছাত্রলীগের কমিটি গত বছরের ১৩ এপ্রিল ঘোষণা করা হয়। যেখানে সভাপতি করা হয় সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক করা হয় নুরুল মোস্তফা নামে একজনকে।
এ কমিটি ঘোষণার পরে জানা যায়, সাধারণ সম্পাদক আগে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলে তাও দেয়া হয়নি। এতে পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আর এসব অভিযোগে বুধবার সরেজমিন প্রতিবেদন তুলে ধরে দৈনিক কক্সবাজার।
তারই প্রেক্ষিতে বুধবার রাত আটটার দিকে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির সদস্যরা হলেন-বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান ও উপ সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ হাসান।
বিষয়টি রাত নয়টার দিকে ফোন করে জানান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কমিটির প্রধান মাহমুদুল হাসান। তিনি জানান, কক্সবাজার জেলা শাখার অন্তর্গত টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে উঠা সব অভিযোগের অধিকতর তদন্ত শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
তারই অংশ হিসেবে এ কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করবো।
তিনি আরও জানান, আগামী কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার পাশাপাশি কমিটির একটি সুপারিশও চেয়েছেন কেন্দ্রীয় কমিটি।

পাঠকের মতামত