প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২/০১/২০২৬ ৩:২২ পিএম

নারীদের কর্মজীবন থেকে নানা কারণে বিরতি নিতে হয়। পুনরায় কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রেও তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। যে নারীরা কোনো কারণে পেশা ছাড়তে বাধ্য হয়েছেন তাঁদের কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশে সহায়তা করতে আবারও শুরু হচ্ছে ব্র্যাকের ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি।
ছয় মাস মেয়াদের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শিক্ষা, পেশাগত উন্নয়ন, বিশেষজ্ঞ পরামর্শ এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মাধ্যমে নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টি করা হবে। ব্রিজ রিটার্নশিপে অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে প্রকল্পের তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কাজে যুক্ত থাকবেন এবং সংশ্লিষ্ট বিভাগের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচিটি গত বছর থেকে শুরু হয়েছে। প্রথমবার প্রায় ১১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়, যারা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে ছয় মাস কাজ করেন। এদের মধ্যে চারজন ইতোমধ্যেই ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরিতে যোগ দিয়েছেন।
এর বাইরে নির্বাচিত ১০০ জন প্রার্থী একটি বুট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, যেখানে তারা প্রশিক্ষণের পাশাপাশি নেটওয়ার্কিং, ভবিষ্যতের পরিকল্পনাগুলো সাজিয়ে নেওয়া এবং কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশের জন্য দিকনির্দেশনা পেয়েছেন।
গত বছর প্রথম দফায় ব্রিজ রিটার্নশিপে আবেদন করা নারীরা কর্মজীবন থেকে বিরতি নেওয়ার ক্ষেত্রে মাতৃত্বকালীন সময়, সামাজিক চাপ, পরিবার দেখাশোনার দায়িত্ব এবং বিরূপ কর্মপরিবেশকে উল্লেখযোগ্য কারণ হিসেবে তুলে ধরেন। অন্যদিকে, রিটার্নশিপ প্রোগ্রামে যোগদানের ক্ষেত্রে তাঁদের মূল অনুপ্রেরণা ছিল ক্যারিয়ারে উন্নতি, আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পরিবারের জন্য অবদান রাখা।
ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এর ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর বলেন, “চাকরিজীবনে বিরতি পড়া মানেই প্রতিভার অভাব বা দুর্বলতা নয়। ব্রিজ রিটার্নশিপ উদ্যোগ সেই নারীদের জন্য, যারা আবার পেশাজীবনে ফিরে এসে নিজস্ব সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করতে চান। এটি শুধুমাত্র কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নয়, এটি তাদের সামাজিক ও পেশাগত পরিচয়কে শক্তিশালী করার একটি সেতু। আমরা চাই, এই কাজে ফিরে আসার সুযোগ বাংলাদেশের সব প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হোক, যাতে বিরতির পর নারীরা পেশাজীবনে ফেরার পথে কোনো বাধার সম্মুখীন না হন।”
কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশের সময় নারীদের অনেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। অনেক সময় বিরতির কারণে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি বা আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় কিংবা পেশাগত সম্পর্কের মাধ্যমে যে যোগাযোগ বা নেটওয়ার্ক গড়ে উঠেছিল তা সীমিত হয়ে যায়। অংশগ্রহণকারী নারীদের পেশাগত উন্নয়নের উদ্দেশ্যে ব্রিজ রিটার্নশিপ কর্মসূচিটি নেওয়া হয়েছে, যেন বাংলাদেশের কর্মক্ষেত্রের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
ব্রিজ রিটার্নশিপে নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করা হয়, যেন এই দক্ষ পেশাজীবী নারীরা যোগ্যতা অনুযায়ী কাঙ্খিত কাজটি খুঁজে নিতে পারেন।
ব্রিজ রিটার্নশিপে আবেদনের জন্য যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী নারীদের কর্মজীবন থেকে বিরতির সময়কাল হতে হবে নূন্যতম এক বছর।
এই কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহীদের ২১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://brac.net/bridge-returnship।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...