
কক্সবাজারের উখিয়ায় ডাম্পারের সাথে সংঘর্ষে খাদে পড়েছে এনজিওকর্মী বহনকারী একটি মাইক্রোবাস। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের সবাই এনজিও সংস্থা “টাই” এর কর্মী বলে জানা গেছে।
৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পমুখী এনজিও সংস্থা টাই এর গাড়ি ও বিপরীত দিক থেকে আসা ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার কিনারা দিয়ে আসা এনজিও সংস্থার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা সব এনজিওকর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে এখনো কোন খবর পায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত