
নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের পাহাড়তলী বৌবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাহাড়তলী ইউসুলুঘোনা এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোর রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ স্বীকার করলেও তার পরিসংখ্যান জানায়নি।
স্থানীয়রা জানিয়েছে, নুর মোহাম্মদ কিছুদিন আগেও টমটম চালাতো। কিন্তু ইয়াবা বিক্রি করে হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। সরকারি দলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় নিরীহ লোকজনকে হয়রানি করে।
এদিকে নুর মোহাম্মদ বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়ার পর থেকে তার স্ত্রী এবং স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করেছে।
তবে নুর মোহাম্মদ আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় খুশির আমেজ সৃষ্টি হয়েছে। অনেকে মিষ্টি বিতরণ করেছে বলেও জানা গেছে।
এ ব্যাপারে অভিযানে অংশ নেয়া কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন বলেন, আটক নুর মোহাম্মদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার তাকে আটকের কথা স্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

পাঠকের মতামত