নিজস্ব প্রতিনিধি ::
কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে সিএনজিযোগে মাদকদ্রব্য (ইয়াবা) নিয়ে বরইতলী গ্রামের সম্মুখ দিয়ে টেকনাফ পৌরসভার দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নবগঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন বরইতলী এলাকার বাইতুল রাহমানিয়া জামে মসজিদের সামনে রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে সিএনজি তল্লাশি শুরু করে।
একপর্যায়ে হ্নীলা থেকে টেকনাফের দিকে আসা একটি সিএনজিকে থামার সংকেত দিলে সেটি থামে এবং সিএনজির ভেতরে থাকা তিন মাদক কারবারি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় মো. ইব্রাহিম (১৯) ও মোহাম্মদ ছৈয়দ নুর (১৮) নামে দুজরকে ধরে ফেলে র্যাব। তবে একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তাদের নিকট ইয়াবা রয়েছে এবং তাদের সহযোগী পলাতক আসামি ফরিদ আলম (২৭)। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা কারবারের সাথে জড়িত। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ৩৮০০ (তিন হাজার আট শ) পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ১৯ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।