
ইব্রাহিম খলিল:
প্রথম আলো কক্সবাজার বন্ধুসভা এবছর একটি বড় উদ্যোগ বাস্তবায়ন করছে। বিতর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, শিক্ষার্থীদের আরো বেশি বিতর্কের সাথে সম্পৃক্ত করতে আয়োজন করেছে কক্সবাজার বিতর্ক উৎসব-২০১৯। ‘যুক্তিতে মুক্তি’ এ প্রতিপাদ্যে এবছর জেলা শহরের বাইরে উপজেলা পর্যায়েও বিতর্ক উৎসব হচ্ছে। উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে এপ্রিলের মাঝামাঝি জেলা পর্ব হবে দুই দিনব্যাপী। ৩২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল এতে অংশ নিবে। এই উদ্যোগে সহযোগিতা করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। উন্নয়ন কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।
আমরা যখন স্কুলে পড়তাম, তখন স্কুলে বিতর্ক ক্লাব ছিলো না। কর্মশালাও হতোনা। টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা দেখতে দেখতে একটু একটু শেখা। কক্সবাজারেরর শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এখন বিতর্কচর্চা বাড়ছে। বিতর্ক ক্লাব হচ্ছে। কর্মশালা হচ্ছে। একটা সময় শুধুমাত্র বিতার্কিকরাই প্রতিযোগিতায় উপস্থিত থাকতো। এখন সব শিক্ষার্থীদের আগ্রহের বিষয় বিতর্ক। এটা আমাদের মনে আশা জাগায়। আমরা চাই আরো বেশি বিতার্কিক তৈরী হোক,যারা শানিত করবে যুক্তির তরবারি।
বিতর্ক করতে গিয়ে জেনেছি, পৃথিবীর তিনদল মানুষের কথা। একদল বোকা, যারা কোন কিছু যাচাই-বাছাই না করেই বিশ্বাস করে। দ্বিতীয় দলটি, যারা সবকিছুকে পরখ করে দেখে। এরা বুদ্ধিমান তবে জগতের পরিবর্তন করতে পারেনা। এ উৎসবের মাধ্যমে আমরা খুঁজছি সেই তৃতীয় দলকে, যারা যুক্তির আলোয় মুক্তির মন্দিরে পৌঁছে যাবে। জীবন খুঁড়ে, সত্য-মিথ্যার কষ্টিপাথরে জীবনবোধকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। সৃজনশীল শিল্পের মাধ্যমে জীবনে পরিবর্তন আনবে। চিন্তার দারিদ্রতা, ভাবনার আড়ষ্টতা থেকে থেকে মুক্ত হয়ে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হবে।
প্রজন্মকে ডাক দিয়ে বলি-
এসো যুক্তির উৎসবে
যুক্তি দিয়ে করো বিশ্বজয়
লেখক- সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, কক্সবাজার
সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা বিতর্ক ক্লাব

পাঠকের মতামত