ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৬ ১০:১২ এএম

তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বিএনপি সরকার গঠনের পর এটিই হবে যুক্তরাষ্ট্র কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সূত্র জানায়, ৩ থেকে ৫ মার্চ পল কাপুর ঢাকা সফর করবেন। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে তাঁর এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে তিনি সরকারের বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে এই সফরে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক ইস্যু- বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের পর গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক হয়। সেই বৈঠকেই পল কাপুরের ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন। এরপর গত অক্টোবরে তাঁর এ নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

দক্ষ এ কূটনীতিকের ঢাকা সফর মূলত বাংলাদেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারির বিষয়ে আলোকপাত করবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer