

মধ্য আকাশে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম সর্বশেষ অবস্থা নিয়ে তথ্যের গড়মিল পাওয়া যাচ্ছে। দেশের কয়েকটি গণমাধ্যম বলছে ‘ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন।’ আবার কেউ বলছেন ‘তিনি কোময় আছেন, অবস্থা গুরুতর।’ অন্যদিকে শোনা যাচ্ছে ‘ক্যাপ্টেন নওশাদের বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করেছে ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের চিকিৎসকরা।’ এছাড়াও তথ্য পাওয়া যাচ্ছে, ‘তিনি ক্লিনিক্যালি ডেড, তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনও ঘোষণা দেওয়া হয়নি।’
আজ রোববার (২৯ আগস্ট) বেলা আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘পাইলট নওশাদ আতাউল কাইউমের অবস্থা সংকটাপন্ন। ভারতের নাগপুরে হাসপাতালে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’ এ সময় তিনি পাইলট নওশাদের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাপ্টেন নওশাদ নাগপুরের কিংসওয়ে হাসপাতালের সার্জিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এসআইসিইউ) কোমায় রয়েছেন, আজ সকাল থেকেই ক্রমে তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। হার্ট অ্যাটাকের পর তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। এখনও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এদিকে জানা যায়, ৫ বছর আগে ক্যাপ্টেন নওশাদ তার বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে আরও ১৪৯ যাত্রী, দুই পাইলট আর ৭ ক্রু’র জীবন বাঁচিয়েছিলেন। পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। বিমান সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন নওশাদ।
সেই ফ্লাইটটি মাস্কাট বিমানবন্দর থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছিল। টেক-অফ করার পর মাস্কাট বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেন নওশাদকে জানানো হয়, রানওয়েতে টায়ারের কিছু অংশ পাওয়া গেছে, যা সম্ভবত বিমান এয়ার ক্রাফটের হতে পারে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নওশাদ বিমানটি চট্টগ্রাম অবতরণ না করে ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
অবতরণের আগে ক্যাপ্টেন ফ্লাইটটি নিয়ে রানওয়ের উপরে দুইবার লো-লেভেলে ফ্লাই করেন। তখন দেখা যায়, উড়োজাহাজের পেছনের দুই নম্বর টায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ক্যাপ্টেন নওশাদ দক্ষতার সঙ্গে ক্ষতিগ্রস্ত টায়ার ও ল্যান্ডিং গিয়ারসহই নিরাপদে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করাতে সক্ষম হন। এই ঘটনার পর ২০১৭ সালে আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন রন অ্যাবেল ক্যাপ্টেন নওশাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রশংসাপত্র পাঠায়।

পাঠকের মতামত