ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০১/২০২৬ ৭:৩১ পিএম , আপডেট: ১৫/০১/২০২৬ ৮:৩৮ পিএম

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণপত্রসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাসপোর্ট অধিদফতর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। কাজ দ্রুত শেষ করতে ঢাকা থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য উপস্থিতির হার কিছুটা কম। এ বিষয়ে ইতোমধ্যে সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে অবহিত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে বলেন, “সৌদি আরব আমাদের ৩২ লাখেরও বেশি প্রবাসীর দ্বিতীয় আবাসস্থল। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।” এ সময় তিনি বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, যার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।” তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট ফেইজ-২’-সহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।

রাষ্ট্রদূত আগামী ৮-১৪ ফেব্রুয়ারি ২০২৬ রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’ (ওয়ার্ল্ড ডিফেন্স শো)-তে অংশগ্রহণের জন্য সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উপদেষ্টা নিজে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি পাঠানোর নিশ্চিত প্রতিশ্রুতি দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...