[caption id="attachment_113280" align="alignleft" width="1024"]
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি[/caption]প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে, তা সত্যিই অমানবিক। সেখানকার ছোট্ট শিশুদের কান্না, তাদের অসহায়ত্ব, মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো সহ্য করা যায় না।"
বুধবার (২ জুন) জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হক আসলামের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, "ইসরায়েল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড হয়েছে। তারা এর আগেও হত্যাযজ্ঞ চালিয়েছে। ছোট শিশুরা আহত হচ্ছে। তাদের ওপর জুলুম, তারা অত্যাচারিত, মা-বাবাহারা সত্যি দুঃখজনক। যাদের দেখি মানবতার এত কথা বলেন, কিন্তু এই সময় চুপ থাকে। আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না। সেটাই আমার প্রশ্ন।"
শেখ হাসিনা বলেন, "প্যালেস্টাইনের ভাইদের সঙ্গে আমরা সব সময় আছি। অতীতেও তাদের জন্য সাধ্যমতো সব রকম সহযোগিতা করেছি। এখনও করে যাচ্ছি। এই সহযোগিতা আমরা অবশ্যই করে যাবো। ইসরাইলের এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাই।"
শোক প্রস্তাবের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু করতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সময় আমি মতিন খসরুকে বেশি ঘোরাঘুরি না করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু নির্বাচনে তাকে জিততেই হবে। এজন্য সারা দেশে তিনি সফর করেন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই সময় প্রতিদিনই আমি তার স্বাস্থ্যের খবর নিতাম। কিন্তু দুর্ভাগ্য, তাকে বাঁচানো গেলো না।"
শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক আলী আশরাফ, একেএম রহমতউল্লাহ, সাদেক খান, মুজিবুল হক প্রমুখ বক্তব্য দেন