
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভেতর বিপুলসংখ্যক ইয়াবাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এসময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকেও আটক করা হয়। আজ শনিবার দুপুরে ১টার দিকে গোলাম মোস্তফা মন্ডল ও মো. আলী নামে ওই দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা মন্ডলের পেটের ভেতর থেকে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রথমে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তাদের পেটে এক্স-রে করার পর ইয়াবাগুলো পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম মোস্তফা মন্ডল জানায়, ইয়াবাগুলো সে কক্সবাজার থেকে নিয়ে এসেছে। এই কাজের জন্য তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।’
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইউএস-বাংলার একটি বিমান দুপুরে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এসময় মূল আসামি গোলাম মোস্তফা মন্ডল পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় চ্যালেঞ্জ করে এপিবিএন। পরে তাকে এক্সরে করলে তার পেটের ভেতর থেকে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে নিতে আসা মো. আলী নামের এক ব্যক্তিকেও বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে সেলিম নামে এক ব্যক্তি তাকে ইয়াবা খাওয়ায়। যা ঢাকার রহমান নামে এক ব্যক্তির কাছে যাওয়ার কথা ছিল।
পুলিশ বলছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তারা এর আগেও একইভাবে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসেছে।

পাঠকের মতামত