প্রকাশিত: ১৮/১০/২০২১ ৫:১০ পিএম

রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবেই চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ক্ষতিগ্রস্তদের শিগগিরই বাড়িঘর তৈরি করে দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাদের তাৎক্ষণিক নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি তিনিও উদ্যোগ নিয়েছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যার যা প্রয়োজন হয় দেওয়া হবে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিন-এজের (কিশোর) ছেলে কাবাশরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় বা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক, স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য পুলিশ মোতায়েন ছিল।

তিনি বলেন, যারা অগ্নিসংযোগ করেছে তারা দুস্কৃতকারী। এই দুস্কৃতকারীরা এই এলাকা ছেড়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। আমার কাছে যে তথ্য এসেছে সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দুস্কৃতকারীরা বাড়িঘর লুট করেছে। ৯০টির বেশি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনাগুলো পুলিশ যাওয়ার আগেই ঘটিয়েছে এবং রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিজিবি গেছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা তা আমরা গ্রহণ করেছি। কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা ঘটিয়ে ফেলেছে। সেখানে কোনো প্রাণহানি হয়নি। তবে সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা করছি।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...