কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব জানায়, ২৯ মার্চ দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈকত হোসেন বুলু (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
পরে ঘরের সিলিংয়ের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড রাইফেলের গুলি, গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৮৫ জোড়া কম্বেট ইউনিফর্ম, ২১০টি টুপি, ৩০টি হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া গ্লাভস ও ৯৮ জোড়া বিশেষ মোজা।
র্যাব জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।