উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১০/২০২২ ৭:৫৪ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এজন্য ইতোমধ্যে আমাদের সাতজন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। প্রয়োজন হলে আরও হাজারো লোক প্রাণ দেবো। গণতন্ত্রকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে।’

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদলকর্মী জেহাদ।

আলোচনা সভায় সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখনও সময় আছে, আপনাদের বোধোদয় হওয়া দরকার। কয়েকটি মিটিংয়ে আমি বলেছি, সেইফ এক্সিট করুন, চলে যান, ক্ষমতা ছাড়ুন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন করে ইলেকশন দিন। তারা নতুন করে সরকার গঠন করবে, দেশে নতুন একটা সরকার ব্যবস্থা চালু হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা আছে। এ দেশের মানুষ কোনোদিন অন্যায়কে মেনে নেয়নি। গণতন্ত্রের বিরুদ্ধে তারা কাউকে জয়ী হতে দেয়নি। দীর্ঘকাল থেকে গণতন্ত্রের পক্ষে তারা লড়াই করেছে। সেই মানুষ আজ আবার জেগে উঠছে। এখন আর বলতে হয় না ‘‘জেগে ওঠো’’। আমি শুধু অনুরোধ করব, আমাদের তরুণ ও যুবসমাজকে—আরও এগিয়ে আসুন। শুধু নিজের কথা চিন্তা না করে, নিজের ভাগ্যের কথা চিন্তা না করে, দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতা স্লোগান দিয়েছেন, ‘‘টেক ব্যাক বাংলাদেশ’’। অর্থাৎ আমরা সেই বাংলাদেশ ফেরত চাই, যা ১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। সমস্ত মানুষের অধিকার রক্ষার জন্যে স্বাধীন করেছিলাম।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন দিনে ৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকে। অথচ, কত ঢাক-ঢোল পিটিয়ে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এখন সীমাহীন লোডশেডিং হচ্ছে। এসবের কারণ সরকারের চুরি, দুর্নীতি। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করে তারা সমানে চুরি করে নিয়ে গেছে।’

‘বর্তমানে গার্মেন্টসের অবস্থাও খারাপ হয়ে আসছে, পৃথিবীতে চাহিদা কমে আসছে। একদিকে জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। অন্যদিকে ডলারের দাম বেড়ে গেছে। ফলে, গার্মেন্টেস ব্যবসা যারা করেন, তাদের টিকে থাকা মুশকিল হয়ে গেছে। এর প্রভাব শ্রমিকদের ওপরও পড়ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘কিছু দিন আগেও নিন্দুকেরা বলতেন, বিএনপি নেই, বিএনপির কোনো চিহ্ন নেই; রাস্তায় বিএনপি নেই। এখন কী বলছে, কী করছে? তারা ভয় পেয়েছে। আমানউল্লাহ আমান একটা ধমক দিয়েছে, তাতেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এখন টেলিভিশন খুলে দেখি, ওদের যত লোক আছে, খালি ওটা নিয়েই লেগে আছে।’

জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও খায়রুল কবির খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...