
অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে ভিড় না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ যেখানে তিনি ভর্তি রয়েছেন সেখানে আরও রোগী আছেন, অন্যান্য রোগীদের যাতে অসুবিধা না হয় সে জন্য এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদেরকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও নিশ্চিত করেন কনক কান্তি। তিনি জানান, তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রয়োজন পড়লে উনাকে আমরা বিদেশ পাঠাব। এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

পাঠকের মতামত