
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার নবী মিকারের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ জানান, সাতকানিয়াগামী একটি মোটরসাইকেলকে দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী মাহবুবুর রহমান প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ


পাঠকের মতামত