কক্সবাজারের উখিয়া ও টেকনাফে চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)। এ সময় অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, গত ৩০ মার্চ একটি অভিযোগের ভিত্তিতে জানা যায়—অপহৃত ব্যক্তিদের টেকনাফের হ্নীলা ইউনিয়নে আটকে রেখে মুক্তিপণ দাবি ও নির্যাতন চালানো হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে অপহৃত আনোয়ার ইসলাম (২৮)-কে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ২ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৩১ মার্চ ভোরে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় আরও দুই অপহৃত—আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলাম (১৭)-কে উদ্ধার করা হয় এবং আরও ৩ অপহরণকারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা সবাই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে নারী সদস্যও রয়েছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় উখিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। অপহরণ চক্রের মূল হোতাসহ অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।