
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) নামে এক রোহিঙ্গাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক এলাকায় অভিযান চালায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণরত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।
নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আজিজুল হাকিম ও দিবাকালীন মোবাইল পার্টির সদস্যরা অভিযান পরিচালনা করেন। পরে আটক আবু বক্কর সিদ্দিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পস্থ সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে সরকারি আদেশ অমান্য করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে সিআইসি জনাব শাহরিয়ার বিন মান্নান (সিনিয়র সহকারী সচিব) তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিকের বাড়ি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে। তার পিতার নাম আবদুল হাকিম।
এ বিষয়ে নয়াপাড়া এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ক্যাম্প এলাকায় সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণসহ সরকারি আদেশ অমান্যের কোনো ঘটনা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত