
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ গনি (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস মারছা’র সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষণা করেন।
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এছাড়া আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত