উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ৭:১৫ পিএম

নতুন প্রজন্মের নারী নেতাদের নেতৃত্ব, দৃঢ়তা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উদযাপন করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘She Leads Tomorrow’ শীর্ষক জাতীয় অনুষ্ঠান।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, UN Women ও UNOPS বাংলাদেশের যৌথ আয়োজনে ‘Enhancing Women’s Political Leadership through SDG 5 and SDG 16 Localisation in Bangladesh’ প্রকল্পের জাতীয় প্রচার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Joint SDG Fund-এর সহায়তায় বাস্তবায়িত ১২ মাসব্যাপী এ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন সম্প্রদায়ের এক হাজারের বেশি কিশোরী ও তরুণীকে নেতৃত্ব বিকাশ, নাগরিক সম্পৃক্ততা এবং নিজ নিজ সমাজে পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলার সুযোগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. এস. এম. আবদুল-আওয়াল।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, কূটনীতিক, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তরুণ নারী নেতারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জুবাইদা রহমান তরুণ অংশগ্রহণকারীদের অর্জনের প্রশংসা করে ভবিষ্যৎ নারী নেতৃত্ব বিকাশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে। আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের কণ্ঠ, চিন্তা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর অর্থবহ অংশগ্রহণ অপরিহার্য। আজকের তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা মানেই আগামী দিনের জন্য আরও শক্তিশালী প্রতিষ্ঠান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. এস. এম. আবদুল-আওয়াল স্থানীয় পর্যায়ে SDG বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় অঙ্গীকারকে স্থানীয় পর্যায়ে অর্থবহ কার্যক্রমে রূপ দেওয়াই SDG স্থানীয়করণের মূল লক্ষ্য। এ প্রক্রিয়ায় তরুণ নারীদের সক্রিয় অংশীদার হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ভেলার-প্রেন্ডেজনিয়াক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারত্ব ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে কাউকে পিছিয়ে না রেখে SDG বাস্তবায়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন UNOPS বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন। UN Women বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং নারী ও কিশোরীদের জন্য এমন একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন, যেখানে তারা নেতৃত্ব দিতে, অংশগ্রহণ করতে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্তে প্রভাব রাখতে পারে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘She Leads Tomorrow’ শীর্ষক কফি টেবিল বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা। প্রধান অতিথি ড. জুবাইদা রহমান বইটির উদ্বোধন করেন। বইটিতে প্রকল্পে অংশ নেওয়া তরুণীদের সাহস, দৃঢ়তা ও নেতৃত্বের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ‘She Leads Tomorrow’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে প্রকল্পের মাধ্যমে পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করা কিশোরী ও তরুণীদের জীবনের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়, গল্প বলার পর্ব, ভিডিও প্রদর্শনী ও ‘Inclusion Ceremony’ অনুষ্ঠিত হয়। পরে নারীর কূটনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব এবং লিঙ্গ সমতা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

কিশোরীদের নেতৃত্ব বিকাশ, নাগরিক সম্পৃক্ততা ও অর্থবহ অংশগ্রহণে অবদান রাখার জন্য প্রকল্পের অংশীদার স্কুলগুলোকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে প্রকল্পটি বাস্তবায়িত হয়। সরকারি স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক জনগোষ্ঠীর এক হাজারের বেশি কিশোরী ও তরুণী এতে অংশ নেয়।

নেতৃত্ব বিকাশ, মেন্টরশিপ, নাগরিক শিক্ষা, নীতি সংলাপ ও অ্যাডভোকেসির মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অর্থবহ অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়।

প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ‘Bangladesh Model for SDG Localisation’ তৈরি করা হয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম উৎসাহিত করার পাশাপাশি SDG বাস্তবায়নে স্থানীয় মালিকানা জোরদার এবং টেকসই উন্নয়নের কেন্দ্রে তরুণ নারীদের নেতৃত্বকে স্থান দেওয়ার লক্ষ্য নিয়ে এ কাঠামো তৈরি করা হয়েছে।

সমাপনী এ আয়োজনের মধ্য দিয়ে ‘She Leads Tomorrow’ বাংলাদেশের আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে তরুণ নারীদের নেতৃত্ব, সাহস ও আকাঙ্ক্ষার এক অনন্য উদযাপনে পরিণত হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...
Single Page Footer