
ঈদের চাঁদ দেখা নিয়ে সকল জটিলতা নিরসনে এবার আধুনিক যন্ত্র (দুরবিন) কেনার তাগিদ দিয়েছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। আগামী ঈদের আগেই এসব যন্ত্র কেনা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে কমিটি।
সোমবার (১০ জুন) সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।
বৈঠক শেষে কমিটি সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী বার্তা২৪.কম-কে বলেন, ‘আমাদের কয়েক লাখ কোটি টাকার বাজেট হয়, আর আমরা চাঁদ দেখতে আধুনিক যন্ত্র কিনতে পারব না, তা কী করে হয়। আমরা বলেছি, কোটি টাকা লাগলেও আধুনিক যন্ত্র কিনে সমস্যা দূর করতে হবে। আগামী ঈদের আগেই কেনা যায় কি না সেটি নিয়ে মন্ত্রণালয়কে কাজ করতে বলেছি।’
এই যন্ত্র কিনতে প্রায় ৫০-৬০ লাখ টাকা লাগতে পারে বলেও জানান তিনি। তবে বেশি লাগলেও সমস্যা নাই। যন্ত্র কিনে আবহাওয়া অফিস যেন ঠিকমত তথ্য দিতে পারে সেজন্য অতি উন্নত মানের দুরবিন কিনতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

পাঠকের মতামত