
উখিয়া নিউজ ডটকম::
অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে মোহাম্মদ ইয়াছিন (২৪) নামে আরও এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। প্রায় প্রতিদিনই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘটছে হত্যা, ধর্ষণ, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। নিহত ইয়াছিন কুতুপালং ডি-৪, ২ ওয়েস্ট ক্যাম্পের মোহাম্মদ নাসিমের ছেলে। সোমবারও (৫ অক্টোবর) বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪/২ ওয়েস্ট ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হেড মাঝি মো. ওসমান বলেন, ‘ক্যাম্প ২ ওয়েস্ট ডি-ব্লকে রোববার রাতে মুন্না গ্রুপের ৪-৫ শত রোহিঙ্গা সন্ত্রাসীরা দা-লাঠিসোটা নিয়ে ক্যাম্পের শতাধিক ঝুপড়ী ঘর ও ৫০টি দোকান ভাংচুর করেছে।’ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আনাস গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে সংঘটিত ঘটনায় প্রাণ বাঁচাতে কয়েক’শ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু কুতুপালং ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বর্তমানে ক্যাম্পের অভ্যন্তরে দোকানপাট বন্ধ রয়েছে। রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে বলে রোহিঙ্গা নেতারা জানিয়েছেন। এদিকে গত ৫ দিনের ঘটনায় ক্যাম্পে ১ নারীসহ ৪ জন খুন হয়েছে। আহত হয়েছে ২৫ জনের বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। এ নিয়ে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত