ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৬/২০২৫ ৮:৩৪ এএম

ঈদের ছুটিতে কক্সবাজারে এসেছেন কয়েক লাখ পর্যটক। সাগর, নদী, পাহাড় আর ঝরনা ঘুরে দেখার পর অনেকে ৮৪ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে পৌঁছে যাচ্ছেন নাফ নদীর তীরে। পাঁচ কিলোমিটার চওড়া নাফ নদীর ওপারে (পূর্ব দিকে) মিয়ানমারের রাখাইন রাজ্য। বর্তমানে এ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে।

টেকনাফ সীমান্তের অন্তত ৮০ কিলোমিটারজুড়ে যেকোনো জায়গা থেকে নাফ নদী ও মিয়ানমার সীমান্ত দেখা যায়। তবে সবচেয়ে ভালো দেখা যায় চারটি পয়েন্ট থেকে—হ্নীলা ইউনিয়নের পাহাড়চূড়ার জাদিমুরা, টেকনাফ পৌরসভার নেটং বা দেবতার পাহাড়, চৌধুরীপাড়ার ট্রানজিট জেটি এবং শাহপরীর দ্বীপ জেটি। এর মধ্যে শাহপরীর দ্বীপ এবং ট্রানজিট জেটিতে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও সেখানে ভিড় করছেন। জেটিতে উঠে নাফ নদী, প্যারা বন, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং ওপারের রাখাইন রাজ্যের মংডু শহর দেখার সুযোগ মিলছে।

গত সোমবার বিকেলে শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে দেখা গেছে, কয়েক শ নারী-পুরুষের ভিড়। বেশির ভাগই পর্যটক। তাঁরা ৫৫০ মিটার দীর্ঘ জেটির শেষ প্রান্তে দাঁড়িয়ে রাখাইন রাজ্যের ছবি তুলছেন। জেটির এক-তৃতীয়াংশ নদীর পানিতে বিস্তৃত। সেখানে দাঁড়ালে মনে হয় সাগরের বুকে দাঁড়িয়ে আছেন।

কেউ সিঁড়িতে, কেউবা রেলিংয়ের পাশে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছেন। এই জেটি দিয়েই স্থানীয় বাসিন্দারা ট্রলার ও স্পিডবোটে সেন্ট মার্টিন যাতায়াত করেন।

জেটিতে কথা হয় ঢাকার মিরপুরের ব্যবসায়ী আকমল হোসেনের সঙ্গে। স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয়জন সদস্য নিয়ে এসেছেন তিনি। ঢাকায় একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। শুক্রবার ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছে শাহপরীর দ্বীপ ঘুরতে এসে জেটির খোঁজ পান।

আকমল হোসেন (৫২) বলেন, ‘নাফ নদীর এই সীমান্তটা এতই সুন্দর যে না এলে বুঝতাম না। পাশাপাশি শাহপরীর দ্বীপের ইতিহাসটাও জানা হলো। সম্রাট শাহ সুজা ও তাঁর স্ত্রী পরীবানুর নামের সঙ্গে মিলিয়ে দ্বীপের নামকরণ—বেশ চমকপ্রদ।’

কুমিল্লার মতিউল ইসলাম বলেন, ‘সেন্ট মার্টিন দেখতে চেয়েছিলাম; কিন্তু পর্যটকদের এখন ট্রলার ও স্পিডবোটে উঠতে দেওয়া হচ্ছে না। পত্রপত্রিকায় এত দিন রাখাইন রাজ্য দখল, মর্টার শেল পড়ার খবর পড়েছি। আজ সীমান্তটা চোখে দেখলাম।’

ঢাকার কেরানীগঞ্জ থেকে পরিবার নিয়ে জেটিতে আসেন আইনজীবী সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘২৫ বছর আগে টেকনাফ এসেছিলাম। তখন এই জেটি ছিল না। এখন জেটিতে দাঁড়িয়ে মিয়ানমারের জলসীমা আর নাফ নদীর সৌন্দর্য দেখা যায়।’

কয়েকজন পর্যটক অভিযোগ করেন, জেটিতে উঠতে ১০ টাকার টিকিট কাটতে হলেও শৌচাগার নেই। এতে নারী ও শিশুদের সমস্যায় পড়তে হচ্ছে।

জেটির ইজারাদারের পক্ষে আদায়কারী নুরুল ইসলাম বলেন, জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে জেটি পরিচালনা করা হচ্ছে। সেন্ট মার্টিনগামী যাত্রী ও পর্যটকদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা, ইজিবাইক, টমটম, মোটরসাইকেল ও অটোরিকশার জন্য ২০ টাকা নেওয়া হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন থেকে ভিড় বাড়ছে। প্রথম দিন ৮০০ দর্শনার্থীর কাছ থেকে ৮ হাজার টাকা আয় হয়েছে। এখন দ্বিগুণ আদায় হচ্ছে।

একই চিত্র টেকনাফের ট্রানজিট জেটিতেও। প্রতিদিন দুই থেকে তিন হাজার দর্শনার্থী সেখানে ভিড় করছেন। নাফ নদীর তীরে তৈরি এই জেটি একসময় বাংলাদেশ ও মিয়ানমারের লোকজনের যাতায়াতের জন্য ট্রানজিট হিসেবে ব্যবহৃত হতো। জেটি এখন বিজিবির নিয়ন্ত্রণে।

২০১৬ সালের আগে রাখাইন রাজ্যের মংডু শহরের লোকজন এই জেটি দিয়ে টেকনাফ আসতেন। আবার এখানকার লোকজন মংডু শহরে যেতেন। তবে ওই বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের ১৪টি সীমান্ত চৌকিতে সশস্ত্র হামলার পর মিয়ানমার সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। এরপর এই যাতায়াত বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরে ৫৫০ মিটার দীর্ঘ জেটিটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

ট্রানজিট জেটির ইজারাদার আবদুর রশিদ বলেন, ঈদ উপলক্ষে দর্শনার্থী বেড়েছে। প্রতিদিন পাঁচ-ছয় হাজার লোক আসছেন। বেশির ভাগই পর্যটক। জেটিতে বিশ্রামাগার, শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। জনপ্রতি ১০ টাকা ফি নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমার সীমান্ত উপজেলা হিসেবে টেকনাফ ঘুরে দেখার আগ্রহ সবারই থাকে। সময়ের স্বল্পতায় অনেকের সে সুযোগ হাতছাড়া হয়। বিশেষ করে নাফ নদীর দুই জেটি এখন পর্যটকদের আকর্ষণ করছে। প্রতিদিন দর্শনার্থী বাড়ছে। তাঁরা নদী আর সীমান্তের সৌন্দর্য উপভোগ করছেন।

প্রথম আলো

পাঠকের মতামত

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...