

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মাদক ব্যবসায়ীর হামলায় স্কুলের এক প্রধান শিক্ষক আহত ও রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ও রক্তাক্ত স্কুল শিক্ষককে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীর হামলায় আহত স্কুল শিক্ষক হ্নীলা মৌলভীবাজার আলী আকবরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ বলে জানাগেছে। তিনি ওই এলাকার প্রয়াত ও সাবেক স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার কলিম উল্লাহর ছেলে।
স্থানীয় সুত্র জানায়, ৫সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ষ্টেশনের রাজা কাশিমের মার্কেটে চিহ্নিত সশস্ত্র মাদক ব্যবসায়ীরা স্কুলের প্রধান শিক্ষক আমান উল্লাহর উপর হামলা করেন। এসময় দোকানে থাকা লোকজন আতংকিত হয়ে যে যার মত পালাতে থাকেন। পরে বাজারের লোকজনের সহায়তায় হামলায় আহত স্কুল শিক্ষকের স্বজনরা উদ্ধার করে তাঁকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আহত স্কুল শিক্ষকের পরিবার সুত্র জানিয়েছেন।
হামলার শিকার স্কুলের প্রধান শিক্ষক আমান উল্লাহ জানান,গতকাল (৪সেপ্টেম্বর) জুমাবার মৌলভীবাজার সীমান্তে বিজিবি কর্তৃক এক লক্ষ পিচ ইয়াবাসহ জনৈক রুহুল আমিন আটকের পর স্থানীয় সচেতন নাগরিক এবং শিক্ষক হিসেবে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঘটনাটি অধিকতর তদন্ত করে প্রকৃত গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবী জানিয়ে ফেইসবুকে তিনি একটা পোষ্ট করেন। উক্ত পোষ্টে ক্ষুব্ধ হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মৌলভীবাজার লামারপাড়া এলাকার কামালের ছেলে মাজেদ, মোহাম্মদ হোছন বাগুর ছেলে আব্দুল্লাহ, মোহাম্মদ আলী ওরফে মাদুর ছেলে আবছার, মকবুল আহমদের ছেলে জুহুর আলমে নেতৃত্বে সংঘবদ্ধ সশস্ত্র ইয়াবা চোরাকারবারীরা আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। টেকনাফ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাষ্টার জাকারিয়া সশস্ত্র মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুলের প্রধান শিক্ষক আহত ও রক্তাক্ত হওয়ার ঘটনাটি সত্য জানিয়ে কাল-বিলম্ব না করে হামলায় জড়িত মাদক ব্যবসায়ী এবং তাদের দুসরদেরও দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্কুলের প্রধান শিক্ষকের উপর হামলায় জড়িতদের কোন ধরণের ছাড় দেওয়া হবেনা। তিনি অভিযোগ পেলেই হামলাকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.অনীক চৌধুরী জানান, বিষয়টি খুবই দু:খজনক। একজন স্কুলের প্রধান শিক্ষকের উপর মাদক ব্যবসায়ী কর্তৃক ন্যাক্কারজনক হামলায় ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত সময়ে হামলাকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত