
নিউজ ডেস্ক ::
র্যাব-৭, সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সেই সঙ্গে র্যাব-২ জন পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, র্যাব-৭ এর একটি আভিযানিক দল কক্সবাজারের সদর উপজেলার বাকখালী ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় টেকনাফ হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়।
এ সময় মাদক কারবারীরা তাৎক্ষণিক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। গ্রেপ্তার হওয়া পাচারকারীরা হলেন মো. রতন মিয়া (৩৮), পিতা-আবু তাহের ও মোছা. নাছিমা (৬০), স্বামী-আবু তাহের, উভয় গ্রাম-ভৈরবপুর উত্তর আটি, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, উভয় বর্তমান ঠিকানা-দক্ষিণখান ফাইদাবাদ, জব্বর সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-দক্ষিণখান, জেলা-ঢাকা।
র্যাব সদস্যরা পরবর্তীতে আটককৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্তমতে প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৩-৫৬৬০) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত প্রাইভেটকারটি ব্যবহার করে টেকনাফের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে টেকনাফ হতে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

পাঠকের মতামত