ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৩:৩৯ পিএম , আপডেট: ০৭/০৮/২০২৫ ৩:৪৩ পিএম
সংরক্ষিত বনের ভেতর দিয়ে চলে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ২৭ কিলোমিটার অংশ। এ এলাকা ছিল এশিয়ান হাতির প্রাকৃতিক চলাচলের পথ।

রেললাইন বসানোর সময় ওভারপাস ও আন্ডারপাস তৈরি হলেও দুর্ঘটনা পুরোপুরি ঠেকানো যায়নি—গত এক বছরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে একটি বাচ্চা হাতির, অল্পের জন্য রক্ষা পেয়েছে আরও কয়েকটি।

এ ধরনের দুর্ঘটনা রোধে এবার রেলওয়ে বসাচ্ছে ৬টি আধুনিক সেন্সর বিশিষ্ট রোবটিক ক্যামেরা। বিদেশ থেকে আনা এসব যন্ত্র হাতির অবয়ব শনাক্ত করে তাৎক্ষণিক সংকেত পাঠাবে। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনের পাশে লাল বাতি জ্বলে উঠবে, যা দেখে ট্রেনচালক গতি কমিয়ে ট্রেন থামাবেন। সেন্সর-ক্যামেরা এবং সংকেতবাতি একই সঙ্গে কাজ করবে, যাতে রাত বা কুয়াশার মধ্যেও হাতি শনাক্ত করা যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ৬টি ক্যামেরা, সংকেতবাতি ও বৈদ্যুতিক কাজ মিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। চলতি বছরের মধ্যেই এই প্রকল্প শেষ করার ইচ্ছা আছে রেলওয়ের। এরই মধ্যে ট্রেনচালক ও পরিচালকদের (গার্ড) এক দফা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেখানে সংকেত পাওয়া মাত্র কীভাবে দ্রুত গতি কমিয়ে ট্রেন থামাতে হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

চুনতি, ফাঁসিয়াখালী ও মেধাকচ্ছপিয়া সংরক্ষিত বনাঞ্চল দিয়ে যে রেলপথ গেছে, সেখানে রয়েছে প্রায় ৪০-৫০টি এশিয়ান হাতি। বছরের বিভিন্ন সময়ে এরা বাঁশখালী, লোহাগাড়া ও চকরিয়ার বনে বিচরণ করে। খাবার বা পানির খোঁজে চলাচলের সময় তাদের রেললাইন পার হতে হয়, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

প্রকল্প পরিচালক ও রেলওয়ের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন কালবেলাকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে হাতির করিডর থাকায় ওভারপাস, আন্ডারপাস নির্মাণসহ বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। হাতির পাল এসব আন্ডারপাস ও ওভারপাস ব্যবহার করে। তারপরও মাঝেমধ্যে রেললাইনে চলে আসে। এখানে আসার পর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো রোবোটিক ও সেন্সর ক্যামেরা হিসেবে কাজ করবে। এর সঙ্গে সংকেতব্যবস্থা যুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ক্যামেরাগুলো হাতির অবয়ব চিহ্নিত করতে পারবে। যদি কখনো হাতি বা হাতির পাল রেললাইনে চলে আসে, তাহলে তা ছবি আকারে সিগন্যাল বা সংকেত পাঠাবে। এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনের পাশে থাকা লাল বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। এ লাল বাতি দেখে চলন্ত ট্রেনের লোকোমাস্টার বুঝতে পারবেন, রেললাইনে হাতির পাল বা হাতি রয়েছে। তখন তিনি ট্রেনের গতি কমাবেন বা প্রয়োজনে থামাবেন। পরে হাতি চলে গেলে গতি বাড়াবেন।

২০২৪ সালের ১৩ অক্টোবর চুনতি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়ে মারা যায়। হাতিটিকে উদ্ধার করে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছিল, কিন্তু দুই দিন পর মারা যায়। সেই ঘটনার পর ২০২৪ সালের ২৩ অক্টোবর রেলপথ মন্ত্রণালয় অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করে।

২০২৫ সালের ২২ জুলাই রাত ১০টা ২৫ মিনিটে একই এলাকায় আরেকটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো যায়। সৈকত এক্সপ্রেসের চালক আবদুল আওয়াল দূর থেকে রেললাইনে দাঁড়ানো একটি হাতি দেখে হার্ড ব্রেক চেপে ট্রেন থামিয়ে দেন। যদিও হাতির পালে থাকা আরেকটি হাতি ‘বিরক্ত’ হয়ে ট্রেনের শেষ বগিতে ধাক্কা দেয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

২০২৩ সালের ১ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়। এরপর থেকে প্রতিদিন এই পথে দিনে ও রাতে চার জোড়া ট্রেন নিয়মিত চলাচল করছে। সূত্র কালবেলা

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...