
ডাঃ মহিউদ্দিন মুহিন ::
মেহের খাতুন এর গল্প। গল্পগুলো সরল। কিন্তু গল্পের আগাগোড়া ভালবাসা আর স্নেহ। অসহায়, অসুস্হ মেহের খাতুন আজ কিছুটা নির্ভার, কিছু একটা সহায় নিয়ে তিনি আজ বাঁচার স্বপ্ন দেখেন।অসুস্থ হলে আজ তাকে খুঁজতে হয়না ডাক্তার, হাসপাতাল।। তিনি একটা ঠিকানা গড়ে নিয়েছেন। তার সেই বিশ্বস্ততার ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উখিয়া। হাসপাতালে না আসলে তার মন খারাপ হয়।কারণে আসেন,অকারণে আসেন।অকারণে বলতে মায়া ভালবাসার টানে আসেন।আমাকে দেখতে আসেন,ডাঃ রাশিদা,ডাঃ মেহেদী, ডাঃ হেদায়েত, নার্স, ওয়ার্ড স্টাফ, ক্লিনিক স্টাফ কে দেখতে আসেন। কখনো বিনি ভাত দিয়ে মুরগী রান্না করে টিফিন ক্যারিয়ার ভর্তি করে নিয়ে আসেন।আবার নিজ হাতে বানানো নতুন চালের পিঠা নিয়ে আসেন। কখনো আসেন শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে।পরম মমতায় একটু স্পর্শ করতে।নেই কোন লৌকিকতা,নেই কোন জটিলতা, নেই কোন চাওয়া পাওয়ার হিসাব। মুচকি হাসি মুখে নিয়ে আবার বাড়ি ফিরেন আমাকে কথা দিয়ে যান আবার আসবেন বলে।আজ এসেছেন নিজের হাতে বড় করা দুটো মুরগী ও ক্ষেতের কিছু শস্য নিয়ে।চোখ মুখে তৃপ্তি তার। আমাকে সবচেয়ে ভালো কিছু উপহার দিতে পেরে তার মনে আজ কিছুটা পরিতৃপ্ত। আমি শুধু খুঁজি ভালবাসা। মেহেরখাতুন আমি কিছুই করতে পারিনি আপনার জন্য। কিন্তু প্রতি নিয়ত আমাকে ঋণী কর যাচ্ছেন এমন সব মেহের খাতুনরা।এমন সব মেহের খাতুনদের ডাক্তার হতে চেয়েছি আজীবন।
উখিয়া হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন মুহিনের ফেইসবুক আইডি থেকে নেওয়া

পাঠকের মতামত