প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:৩৭ এএম

ঢাকা: চলচ্চিত্র জগৎ থেকে দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ইসলাম ধর্ম গ্রহণ করে আরেক জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিয়ে করেছেন বলে অপু দর্শকদের জানিয়েছেন।

সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া লাইভ সাক্ষাৎকারে এ কথা জানান অপু।

অপু বিশ্বাস জানান, গুলশানে শাকিবের বাসায় ২০০৮ সালের ১৮ এপ্রিল ইসলাম ধর্মমতে বিয়ে হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিবের আনা কাজি তাদের বিয়ের রেজিস্ট্রি করান।

তিনি জানান, কাবিননামায় অপু বিশ্বাসের নাম লেখা হয় অপু ইসলাম খান। ধর্ম লেখা হয় ইসলাম।

গত ২৭ সেপ্টেম্বর ২০১৬ কলকাতার একটি ক্লিনিকে সন্তানের জন্ম হয়। সন্তানের নাম আব্রাহাম খান জয়।

অপু জানান, বিয়ের বিষয়টি শাকিব খান গোপন রাখতে বলেছিলেন। তাছাড়া শাকিব খানের পরিবারের সবাই তাদের বিয়ের বিষয়টি জানেন।

সবাইকে না জানালেও অপুর বাসায় গিয়ে সন্তানকে আদর করেন শাকিব খান। শাকিবের পরিবারের সদস্যরাও অপুর বাসায় গিয়ে সন্তানকে দেখে আসেন। তাছাড়া শাকিব খান সন্তানের সব ব্যয়ভার বহন করেন বলে জানান অপু।

পাঠকের মতামত

Single Page Footer