উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছুরিকাঘাতে ইসমাইল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইসমাইল ওই এলাকার ইদ্রিসের ছেলে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বড় ভাই হাফেজ ইব্রাহীম অভিযোগ করেন, আজ ভোরে পাশের পশ্চিম সিকদারপাড়া এলাকার মাহমুদুর রহমানের দুই ছেলে আব্দুর রহমান ও আব্দুস সালাম এবং আমির হোসেনের ছেলে সেলিম মোটরসাইকেল নিয়ে অতর্কিতভাবে তাদের বাড়ি আসেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, ইসমাইল ও আব্দুর রহমানদের মধ্যে ইয়াবা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী বলাবলি করছেন, টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদশর্ক (এসআই) বোরহান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।