
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এক জেলের জালে আটকা পড়েছে প্রায় ৮১টি কালো রঙের পোয়া মাছ। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি। সবকটি মাছের দাম ধরা হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত। আজ বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ গুলো ধরা পড়ে জালে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে জামাল উদ্দিন তার মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছের জাল ফেলে রাখে। বুধবার (৬ নভেম্বর) সকালের দিকে তার জালে ধরা পড়ে বিশাল আকারের একটি কালো পোয়া মাছের স্তুুপ।
ট্রলারের মালিক বহদ্দার জামাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার আমার ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বুধবার পোয়া মাছ গুলো আটকা পড়ে। জেলেরা মাছ শিকার শেষে দুপুরের দিকে মাতারবাড়ির জেটিঘাটে ফিরলে স্থানীয় মাছ ক্রেতারা মাছগুলো কিনতে আগ্রহ দেখায়। প্রথম পর্যায়ে মাছ গুলো ৮০ লাখ টাকা দর ধরা হলেও পরে ৩৯ হাজার পর্যন্ত ক্রয়ে আগ্রহ দেখান এক ক্রেতা। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারীঘাটের ইসহাক নামে এক ব্যবসায়ীকে ৪০ লাখ টাকা দিয়ে মাছ গুলো বিক্রি করে।
জামাল উদ্দিনের নিকটস্থ রুহুল কবির মানিক নামে এক আত্মীয় জানায়, বিকালের দিকে মাছগুলো ৪০ লাখ টাকায় ইসহাক নামে এক ব্যবসায়ীকে বিক্রি করা হয়েছে। জামাল উদ্দিন একজন দরিদ্র জেলে। জেলে থেকে নিজেই একটি ছোট বোট নেন। আশা করি, এখন তার আর পিছনে ফিরে থাকাতে হবে না। একসাথে এত মাছ ধরায় জামালের ঘরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।