
বিদেশে পাচারের উদ্দেশে ঢাকায় নিয়ে আসা ৭ রোহিঙ্গাকে পুলিশের হাতে তুলে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশ যাওয়ার অনুমোদন পেতে বুধবার তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিল। তবে রোহিঙ্গাদের আটকাতে পারলেও তাদের নিয়ে আসা দালাল চক্রকে পাকড়াও সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে ছিল। আটক রোহিঙ্গারা পশ্চিমা একটি দেশে যাওয়ার জন্য দূতাবাসে যোগাযোগ করেছিল। ওই দূতাবাস থেকে তাদের বলা হয়, সরকারের অনুমোদন এবং পাসপোর্ট ছাড়া তাদের ভিসা দেয়া যাবে না। এরপর তারা অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গারা ২৭ নম্বর ক্যাম্প থেকে দালাল মারফত ঢাকায় এসেছে বলে জানা গেছে।
ওই কর্মকর্তা বলেন, সাধারণ রোহিঙ্গাদের সুমদ্রপথে বিভিন্ন দেশে পাচারে দালালচক্র সক্রিয় রয়েছে বলে জানতাম। কিন্তু এভাবে অ্যাম্বাসিতে যাওয়ার ঘটনা হয়ত এটাই প্রথম। দালাল চক্রের সঙ্গে বাংলাদেশিরা আছে এমন ধারণা দিয়ে ওই কর্মকর্তা বলেন, এদের থামানো না গেলে ভবিষ্যতে কঠিন বিপদ হবে বাংলাদেশের। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকে আরো প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। সব মিলে ১১ লাখ রোহিঙ্গার বোঝা টানছে মানবিক কারণে আশ্রয়ে রাজি হওয়া তৃতীয় বিশ্বের ঘনবসতিপুর্ণ বাংলাদেশ।