উখিয়া নিউজ ডটকম::
[caption id="attachment_26293" align="alignleft" width="361"]
ফাইল ছবি[/caption]
নেশার ভয়ানক ছোবল ক্রেজি ড্রাগ হিসেবে পরিচিত ইয়াবার অনুপ্রবেশ ও তা সারাদেশে পাচারের সঙ্গে জড়িত ৬২ গডফাদার চিহ্নিত হওয়ার পরেও কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে এই প্রশ্ন রেখেছেন কমিটির অন্য সদস্যরা।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ঠিক ৬২ জনের তালিকা চূড়ান্ত হয়েছে, বিষয়টা তা নয়, এই ধরনের তালিকা সময়ে-সময়ে হালনাগাদ হয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে।’
গত রবিবার দৈনিক ইত্তেফাকে ‘ইয়াবা পাচার : ৬২ গডফাদার চিহ্নিত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে উদ্ধৃত করে সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চান কমিটির কয়েকজন সদস্য।
কমিটির একাধিক সদস্য জানান, ইয়াবার অনুপ্রবেশ ও সারাদেশে তা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে ইত্তেফাকে ধারাবাহিকভাবে প্রকাশিত প্রতিবেদনসমূহ বৈঠকে কমিটির নজরে আনেন তারা।
এসময় একজন সদস্য বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থার গোপন সূত্রের বরাত দিয়ে ইত্তেফাকে লেখা হয়েছে ৬২ জন গডফাদার চিহ্নিত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ওই গডফাদারদের চেনেন এবং ওই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিয়ে থাকেন তাহলে কেন তাদেরকে ধরা হচ্ছে না? এর পেছনে কি কি কারণ রয়েছে?’
কমিটির সদস্য ও জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমাম জানান, বৈঠকে মাদকদ্রব্য ও ইয়াবা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ইত্তেফাকে প্রকাশিত ৬২ জন গডফাদারের বিষয়েও কথা উঠেছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানিয়েছেন, ইয়াবাসহ যে কোনো ধরনের মাদকদ্রব্যের অবৈধভাবে অনুপ্রবেশ ও পাচারের ঘটনা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর রয়েছে, এসবের সঙ্গে যারা জড়িত বিভিন্ন সময়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়ছে।
কমিটির সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ফখরুল ইমাম অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) বিল, ২০১৮’ বিষয়ে আলোচনা হয় এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষাপূর্বক প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।